রাজধানীর গেণ্ডারিয়া থানার শরৎগুপ্ত সড়কে অবস্থিত বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাসিরউদ্দিনের বাড়ি ‘নাসিরউদ্দিন স্মৃতি ভবন’কে হেরিটেজ হিসেবে সংরক্ষণের জন্য আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক, বাংলাদেশ পুলিশের মহাপরিচালকসহ মোট ৯ জনকে বুধবার (১২ জুলাই) এই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, সাংবাদিক, সাহিত্যসেবী ও সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিনের মেয়ে বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম এবং তার জামাতা শিশু সাহিত্যিক রোকনুজ্জামান দাদাভাই। এই তিন জনের প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে থেকে সমাজে অনেক অবদান রেখেছেন। তারা প্রত্যেকেই একুশে পদক, স্বাধীনতা পদকসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। এই বাড়িতে তাদের ব্যবহৃত অনেক দুর্লভ সামগ্রী ও তাদের সাহিত্যকর্ম গবেষণার বিষয় এবং সংরক্ষণের দাবিদার।
নোটিশে অনুরোধ জানিয়ে আরও বলা হয়, ‘এই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সংবিধানের ২৪/৩১ অনুচ্ছেদ অনুযায়ী আমার মক্কেলের (ফ্লোরা নাসরিন খান) নানা মোহাম্মদ নাসিরউদ্দিন, মাতা বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম এবং পিতা শিশু সাহিত্যিক ও শিশুদের সংগঠন কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক রোকনুজ্জামান দাদাভাইয়ের বাসস্থান ৩৮ শরৎগুপ্ত রোড, নারিন্দার ‘নাসিরউদ্দিন স্মৃতি ভবন’ বাড়িটিকে হেরিটেজ হিসেবে সরকারিভাবে সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এতে ব্যর্থ হলে আমি সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট পিটিশন দায়ের করবো।’
/এমটি/জেএইচ/








