গাড়ি পোড়ানোর মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) বিএনপিপন্থী ছয় কাউন্সিলরকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিচারপতি মিচতাহ উদ্দিন চৌধুরী ও এএনএন বশির উল্যাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
কাউন্সিলরদের আইনজীবী মো. আবু হানিফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুনিরুজ্জামান কবীর।
জামিন পাওয়া কাউন্সিলরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু, ২০ নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলাম, ৫৩ নম্বর ওয়ার্ডের মো. সফিউদ্দিন, ৫৪ নম্বর ওয়ার্ডের শেখ মো. আলেক ও ১৫ নম্বর ওয়ার্ডের ফয়সাল আহমেদ সরকার। তারা সবাই বিএনপির সমর্থক।
আইনজীবী মো. আবু হানিফ বলেন, ‘২০১৬ সালের ১১ জুলাই ছয় কাউন্সিলরসহ মোট ৫০ জনের বিরুদ্ধে করা নাশকতা মামলার চার্জশিট দেয় পুলিশ। ২০১৭ সালের ১১ জুলাই গাজীপুরের বিশেষ ট্রাইব্যুনালে-৩ এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। কিন্তু আদালত জামিনের আবেদন নাকচ করে দেন। বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আসেন বিএনপিপন্থী কাউন্সিলররা। তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আজ (বৃহস্পতিবার) এই রায় দেন।’
/এমটি/এনআই/এমও/







