বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ বিচার প্রক্রিয়া নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) সন্তুষ্টি প্রকাশ করেছে, এমন খবরের প্রতিবাদ জানিয়েছে ওই সংস্থা। তাদের ভাষ্য, গত জুনে সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে ওই খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে।
জুন মাসে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে (আইসিসি) গিয়েছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তার ওই সফরকে ঘিরে সুপ্রিম কোর্ট একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে। এর ওপর ভিত্তি করেই মূলত বিভিন্ন মিডিয়ায় আইসিসি সন্তুষ্টি ও প্রশংসা করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ তথ্য জানিয়ে প্রতিবাদ করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট।
এ কারণে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘দি কোর্ট (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট) একটি নোট ভারবাল (আনুষ্ঠানিক পত্র) দিয়েছে, অত্যন্ত অপমানজনক আমাদের জন্য।’
আইনমন্ত্রী আরও বলেন— ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) ওই আনুষ্ঠানিক পত্রে (নোট ভারবাল) সরকারকে জানায়, ‘মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে প্রেসিডেন্ট (আইসিসি প্রেসিডেন্ট) ও ডেপুটি প্রসিকিউটরের বৈঠকের ওপর বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রকাশিত রিপোর্টের বিষয়ে দুঃখ প্রকাশ করছে আইসিসি।”
নোট ভারবালে আরও বলা হয়, এই রিপোর্টগুলোতে বিভ্রান্তিকরভাবে আইসিসির প্রেসিডেন্ট এবং ডেপুটি প্রসিকিউটরকে উদ্ধৃত করা হয়েছে। তাদের উদ্ধৃত করে বাংলাদেশে চলমান বা আগে হওয়া আন্তর্জাতিক অপরাধ বিচার প্রক্রিয়াকে প্রশংসা করেছে বা সন্তুষ্টি প্রকাশের খবর ছাপা হয়েছে।
মন্ত্রী বলেন, নোট ভারবালে আরও বলা হয়— ‘বিভিন্ন সংবাদপত্র তাদের এই বিভ্রান্তিকর রিপোর্টের সূত্র হিসেবে সুপ্রিম কোর্টের একটি সংবাদ বিজ্ঞপ্তিকে উল্লেখ করেছে।’
আইনমন্ত্রী আরও জানান— আইসিসি বাংলাদেশের জড়িত কর্তৃপক্ষকে অনুরোধ করেছে, এ বিষয়ের ওপর প্রেস রিলিজটি যাচাই করে দেখার জন্য। আনিসুল হক বলেন, ‘এটা নিশ্চয়ই বিব্রতকর।’
/এসএসজেড/জেএইচ/






