মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মানবিক আচরণ করছেন বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। তিনি বলেছে, ‘রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যরা সতর্ক রয়েছেন। কোনও সন্ত্রাসী সংগঠনের সদস্য অস্ত্র নিয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে প্রতিরোধ করা হবে। কিছু অংশ খোলা থাকলেও মিয়ানমার সীমান্ত সিল করে দেওয়া হয়েছে।’ সোমবার বিজিবি সদর দফতর পিলখানায় অনুষ্ঠিত বিজিবি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিজিবির মহাপরিচালক বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে। মিয়ানমার সীমান্তের বর্তমান পরিস্থিতি সমন্বিত উদ্যোগের মাধ্যমে মোকাবিলা করা হচ্ছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে রবিবার (২৭ আগস্ট) মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।’
বিজিবি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সম্মেলনের শুরুতে এর উদ্দেশ্য ও বিভিন্ন দিক তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল্লাহ আল মামুন। আগামী ৩১ আগস্ট (বৃহস্পতিবার) সম্মেলন শেষ হবে। ওইদিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।







