রাজধানীর কালুনগর-হাজারীবাগ খালের ওপর থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী ও তৌহিদ এলাহী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী বলেন, ‘আজকের উচ্ছেদ অভিযানে প্রায় এক কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়েছে। এ সময় ৫০টি কাচা, পাকা, আঘাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।’
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী জানান, ‘ঢাকা শহরকে বাসযোগ্য ও জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ঢাকার সব খাল হতে অবৈধ দখলদার উচ্ছেদ করবে ঢাকা জেলা প্রশাসন। প্রতি সপ্তাহে একাধিক উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘উচ্ছেদকৃত খালগুলো ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশন প্রকল্পের মাধ্যমে সৌন্দর্যবর্ধন ও পানিপ্রবাহ নিশ্চিত করবে।’
অভিযানকালে উচ্ছেদস্থল পরিদর্শন করেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিদুজ্জামান। এছাড়া উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী ও সিটি করপোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস মিয়া।








