বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু ও তার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনের নথিপত্র বাংলাদেশ ব্যাংকের কাছে চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদক থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানতে চাওয়া হয়েছে। বেসিক ব্যাংক কেলেঙ্কারির মামলায় দুদকের তদারক কর্মকর্তা (পরিচালক) জায়েদ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়েছে, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চু ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট ও তাদের নামে থাকা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের হিসাব জানতে চাওয়া হয়েছে।
দুদকের পরিচালক জায়েদ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের একটি চিঠি কমিশন থেকে পাঠানো হয়েছে। তবে আমরা এখনও চিঠির কপি পাইনি। আগামী মঙ্গলবার হয়তো পাবো।’
উল্লেখ্য, দুই হাজার ৩৬ কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় ৫৬টি মামলা করেছে দুদক। এসব মামলায় সংশ্লিষ্টদের ডেকে জিজ্ঞাসা করেছে দুদক। ইতোমধ্যে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।








