কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে পুলিশের দায়ের করা প্রসিকিউশন মামলায় পুনঃতদন্ত চেয়ে করা রিভিশন শুনানির জন্য ২২ মার্চ তারিখ ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই তারিখ ধার্য করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার পুলিশের দায়ের করা মামলায় ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারকে হাজির হওয়ার জন্য ঢাকা মহানগর হাকিম আদালতে তারিখ ধার্য ছিল। কিন্তু এর আগের দিন সোমাবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ফরিদা আক্তার রিভিশন দায়ের করায় এদিন তারা মহানগর হাকিম আদালতে হাজির হননি।
এর আগে ২৮ ডিসেম্বর লেখক ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ। ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম আদালতে ফরহাদ মজহারকে অপহরণ করে চাঁদাদাবি করার অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছিল, সেই অভিযোগের বিষয়ে সত্যতা প্রমাণিত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিলেন। ওই প্রতিবেদনের বিরুদ্ধে গত বছরের ৭ ডিসেম্বর নারাজি দেওয়ার জন্য সময়ের আবেদন করেন ফরিদা আক্তার। আদালত ওই আবেদন নামঞ্জুর করেন। এরপর মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে দায়ের করা প্রসিকিউশন মামলা আমলে নিয়ে গত ৩১ ডিসেম্বর ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারকে আগামী ৩০ জানুয়ারি সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম শুভ্রত ঘোষ শুভ। ফরিদা আক্তার ঢাকা মহানগর হাকিম আদালতের ওই আদেশের বিরুদ্ধে সোমবার (২৯ জানুয়ারি) মহানগর দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করেন।
এই প্রসঙ্গে আদালতে আদাবর থানার (নন জিআর শাখার) সাধারণ নিবন্ধন কর্মকর্তা বলেন, ‘ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার গত ৮ জানুয়ারি অপহরণ মামলার তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি দিয়ে এই রিভিশন দায়ের করেন। ওই দিনই ঢাকা মহানগর হাকিম আদালতের নথি তলব করেন ঢাকা মহানগর দায়রা জজ। সে অনুযায়ী নথি মহানগর আদালতে পাঠানো হয়েছে।’
রিভিশন আবেদনের মামলায় বাদী ফরিদা আক্তার বলেন, ‘গত ৭ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির হয়ে নারাজির বিষয়ে সময়ের আবেদন করলে আদালত মঞ্জুর করেন। কিন্তু ওই দিনই বিকালে সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি, রিভিশন বিষয়ে আবেদন নামঞ্জুর করে প্রসিকিউশনকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।’
উল্লেখ্য, গত বছরের ৩ জুলাই ভোরে বাসা থেকে বের হওয়ার পর ফরহাদ মজহার অপহৃত হন জানিয়ে তার স্ত্রী ফরিদা আখতার আদাবর থানায় একটি জিডি করেন। পরে জিডি থেকে একটি অপহরণ মামলা করা হয়। ওই রাতেই যশোরে ঢাকাগামী একটি বাস থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে ফরহাদ মজহার জানান, তিনি অপহরণের শিকার হয়েছিলেন।







