ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের তফসিল ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয় বলে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম।
এর আগে গত ১৭ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে ওই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ডিএনসিসি মেয়রের শূন্য পদে উপনির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করেন রাজধানী উত্তরের বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান।
আরও পড়ুন-
ডিএনসিসি উপনির্বাচন: আশঙ্কাই সত্য হলো
তিন মাস নয়, ছয় মাসের জন্য স্থগিত ডিএনসিসি উপনির্বাচন








