উন্নত বিচার ব্যবস্থার জন্য আধুনিক দেশের মতো আদালত ও আইনে প্রযুক্তি ব্যবহারে সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এজন্য আইন ও প্রযুক্তির সমন্বয় সহায়ক পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোগ নেওয়ার পাশাপাশি শিক্ষা ও সমাজকল্যাণে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান হলে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান। তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম প্রধান বিচারপতি আমিন আহম্মাদের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বিচারপতি আমিন আহম্মদ ট্রাস্ট স্মৃতিচারণ ও গোল্ড মেডেল প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘উন্নত দেশে বিত্তবানরা শিক্ষা ও সমাজকল্যাণে বিভিন্ন সামাজিক সংগঠনে অনুদানে এগিয়ে আসেন। কিন্তু বাংলাদেশের বিত্তবানেরা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সামাজিক সংগঠনে অনুদানের ক্ষেত্রে এগিয়ে আসেন না, যা হত্যাশাব্যঞ্জক।’
বিচারপতি আমিন আহম্মেদের অবদানের কথা স্বীকার করে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপতি আমিন আহম্মেদ মানবতার জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। তিনি অনেক যুগান্তকারী রায় দিয়ে গেছেন। যা বিচার বিভাগের জন্য নিয়ামক হিসেবে রয়েছে।’ সাবেক এই প্রধান বিচারপতির মতো সমাজকল্যাণ উন্নয়নে সবাইকে অবদান রাখতেও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত আইন শিক্ষার্থীদের প্রতি প্রধান বিচারপতি বলেন, ‘কঠোর অধ্যাবসায়ের মধ্য দিয়ে তোমরা তোমাদের ভবিষ্যত গড়ে তুলবে। এজন্য তোমাদের প্রয়োজন গুণগত, নিবিড় অধ্যাবসায় ও গঠনমূলক সমালোচনার সক্ষমতা অর্জন করা।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০১৫ সালে এবং ২০১৬ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী দু’জনকে গোল্ড মেডেল প্রদান করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিচারপতি কাজী এবাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিচারপতি তারিক-উল হাকিম, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি মীর হাশমত আলী প্রমুখ।








