রাজধানীর শাহবাগ মোড়ে ট্রাকের ধাক্কায় দারুস সালাম ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল আলম ও তার গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
সোমবার ভোরে এই ঘটনা ঘটে। শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সুজন বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। আহত এসি সাইফুল আলম ও তার চালককে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, ২৬ মার্চ উপলক্ষে দায়িত্ব পালনের জন্য এসি সাইফুল ইসলাম দারুস সালাম থানায় যাচ্ছিলেন। ওই এলাকা দিয়ে ভিভিআইপি মুভমেন্ট ছিল সকালে। তিনি শাহবাগ দিয়ে যাওয়ার সময় একটি পণ্যবাহী ট্রাক তার গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটির এক পাশে দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় এসি ও গাড়িটির চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ট্রাক, চালক ও হেলপারকে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন।’








