অবৈধ সম্পদ অর্জনসহ একাধিক দুর্নীতির অভিযোগে ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩ মে তাকে সকাল সাড়ে ৯টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
বুধবার দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী স্বাক্ষরিত চিঠিতে তাকে তলব করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, ডিআইজি মিজান ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার মালিক হয়েছেন। তার নামে-বেনামে বিলাসবহুল বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও জমি রয়েছে। একাধিক ব্যাংক হিসাবে রয়েছে বিপুল পরিমাণ অর্থ ও ফিক্সড ডিপোজিট। এছাড়া দেশের বাইরে অর্থপাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।








