বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার স্বজনরা। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে পরিবারের ছয় সদস্য তার সঙ্গে দেখা করেন। সোমবার (১৪ মে) বিকাল ৪টা থেকে প্রায় পাঁচটা পর্যন্ত—একঘণ্টা তারা কারাগারের ভেতরে অবস্থান শেষে তারা বের হয়ে আসেন। বিএনপি ও কারাগার সূত্রে জানা গেছে।
বিএনপিসূত্র জানায়, বিকাল ৪টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যান তার ভাই শামিম ইস্কান্দার, ভাতিজি শাহিনা খান জামান, রোদেলা খান, ভাতিজা অভিক ইস্কান্দার, মো. মামুন ও নুরুল আমিন ।
প্রসঙ্গে, গত ১২ মে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, ‘কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না। কারা-কর্তৃপক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে। তার শারীরিক অবস্থার কোনও খবর পাচ্ছি না। এ নিয়ে আমরা উদ্বিগ্ন।’
তার এই অভিযোগের পর সোমবার স্বজনরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। এরপর থেকেই খালেদা জিয়া নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ৫৯ দিন কারাবন্দি থাকার পর গত ৮ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। ওই দিন সকাল ১১ টা ২০ মিনিট থেকে দুপুর ১ টা ৪০ মিনিট পর্যন্ত তার স্বাস্থ্যপরীক্ষার পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।








