রমজানে মহাসড়কে ডাকাতি ও যানজট নিরসন ছাড়াও মাদকের বিস্তার রোধে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিশেষ অভিযান চালাবে পুলিশ। এজন্য হাইওয়ে ও জেলা পুলিশকে তৎপর থাকতে পুলিশ সদর দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে পকেটমার ও অজ্ঞানপার্টির তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীসহ দেশের বড় শহরগুলোতে বিপণী বিতান ও শপিং মল যথাসম্ভব সিসিটিভির আওতায় এনে কমিউনিটি পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। জনসাধারণের সার্বিক কেনা-কাটার সুবিধার্থে এবং তারাবির নামাজের সময় অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে গভীর রাত পর্যন্ত পর্যাপ্ত নৈশ টহলের ব্যবস্থা করা হবে। ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠানে বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশ জনসাধারণকে প্রয়োজনীয় সহায়তা দেবে। সার্বিক আইনশৃঙ্খলা, ট্রেন, বাস ও লঞ্চের নিরাপদ চলাচল ও যাত্রীদের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও জাল টাকার অপব্যবহার প্রতিরোধেও কাজ করবে পুলিশ।
এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় রবিবার পুলিশ সদর দফতরে আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারাদেশে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী তৎপরতা রোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয় বৈঠকে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতের জন্যে রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে টিকেট কালোবাজারি প্রতিরোধে পুলিশ, মালিক, শ্রমিক নেতা ও কমিউনিটি পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেসুর রহমান, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. মইনুর রহমান চৌধুরী, রেলওয়ের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মহাপরিচালক আবদুস সালাম, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সব পুলিশ কমিশনার, রেঞ্জ ও হাইওয়ে পুলিশসহ অন্যান্য ইউনিটের ডিআইজিগণ, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, নারায়ণগঞ্জের পুলিশ সুপারসহ এনএসআই, ডিজিএফআই, আনসার ও ভিডিপি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







