রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সোহেল ও রানা নামের সংগঠনটির দুই জন কর্মী আহত হয়েছেন। শনিবার (১৯ মে) দুপুরের তিতুমীর কলেজে গেটের সামনে এই ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিতুমীর কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা ১২ টার দিকে স্যাটেলাইট উৎক্ষেপণ সংক্রান্ত প্রচার প্রচারণা করে ফোরার সময় তিতুমীর কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একপক্ষ সোহেল ও রানাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে এবং আহত রানাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিতুমীর কলেজের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কলেজের নতুন কমিটি হওয়ার পর গত কমিটির ঝামেলা নিয়ে এই মারামারির ঘটনা ঘটে।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে তিতুমীর কলেজে একটি মারামারির ঘটনা ঘটে। দুই বন্ধু নিজেদের মধ্যে এই মারামারি করলে নিজেরাই আহত হয়। তবে দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই মারামারির ঘটনা ঘটেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’ তবে এই ঘটনায় থানায় এখনও কোনও মামলা হয়নি বলেও তিনি জানান।








