দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি শেষে রবিবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।
আদালতে গিয়াস কাদেরের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
পরে রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, গত ৩০ মে ফটিকছড়িতে বিস্ফোরক আইনে করা এক মামলায় এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা মামলায় গিয়াস উদ্দিন কাদেরকে ৩ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে এ তিন সপ্তাহের পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
প্রসঙ্গত,ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর অভিযোগটি আমলে নিয়ে গত ৩১ মে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে চট্টগ্রামের বিচারিক আদালত।
মামলায় বলা হয়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশে বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।’







