আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানির আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রবিবার (১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন নতুন তারিখ নির্ধারণ করেন।
রবিবার মামলাটির অভিযোগ গঠন বিষয়ে অধিকতর শুনানি জন্য তারিখ ধার্য ছিল। কিন্তু আবদুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানা অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। তাদের পক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত সময় মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলা দায়েরের তিন দিনের মাথায় ২৪ আগস্ট মান্নান খান ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। এদিকে, ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকা তার স্ত্রী বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক। এরপর ২৩ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন হাসিনা সুলতানা।
২০১৫ সালের ১১ আগস্ট মামলাটি তদন্ত করে মান্নান খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে মান্নান খানের অবৈধ সম্পদের পরিমাণ বেড়ে যায়। তাতে দেখা যায়, তার আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২ কোটি ৬৬ লাখ ৭ হাজার টাকা এবং তিনি ৩১ লাখ ৪৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
২০১৫ সালের ৯ জুন তদন্ত শেষে হাসিনা সুলতানার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত প্রমাণিত হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।








