রাজধানীর ধানমন্ডিতে চারটি রেস্তোরাঁকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা কার্যালয়। সোমবার (৯ জুলাই) ধানমন্ডির ১০/এ ও ৭ নম্বর রোডে এই অভিযান পরিচালনা করেন ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। অভিযান তদারকি করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মাদ শাহরিয়ার।
সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৩০ ধারায় স্প্যাসী রমনা রেস্টুরেন্টকে ৮০ হাজার, গার্লিক এন জিনজারকে ৪০ ধারায় ৫০ হাজার, দাবা রেস্টুরেন্টকে ৪০ ধারায় ৫০ হাজার ও আর ছালান রেস্টুরেন্টকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ এছাড়া নিউ ভিশন ড্রিংকিং ওয়াটার নামের খাবার পানি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণাসহ ৬০টি পানির জার ধ্বংস করা হয়।
আরও পড়ুন: ধানমন্ডিতে পাঁচ রেস্তোরাঁকে জরিমানা








