স্ত্রী নির্যাতন ও পাঁচ লাখ টাকা যৌতুক দাবির মামলায় জেল হাজতে যাওয়া ঝালকাঠি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৩ জুলাই) এক আদেশে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাকে বরখাস্ত করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, ঝালকাঠি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরুজ্জামান তার স্ত্রী লাবনী আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ তার পিতার কাছ থেকে পাঁচ লাখ টাকা যৌতুক চায়। এই অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং গত ৮ জুলাই তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। এ অবস্থায় মনিরুজ্জামানকে গত ৮ জুলাই থেকে (ভুতাপেক্ষ) সাময়িক বরখাস্ত করা হয়। তবে প্রচলিত নিয়মে সাময়িক বরখাস্তকালে তার খোরপোষ ভাতা দেওয়া হবে।








