আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলের পরিবর্তে অধ্যক্ষ কামরুন্নাহার শিরিনকে ধানের শীষ প্রতীক দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। সোমবার (২৪ ডিসেম্বর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মঞ্জুরুল ইসলাম বিমলের আবেদনের ওপর শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননী এ আদেশ দেন।
আদালতে কামরুন্নাহারের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ ও অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
এর আগে, নাটোর-১ আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলকে নির্বাচন করতে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
পরে দলের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নাটোর-১ আসনের কামরুন্নাহার শিরিন হাইকোর্টে রিট দায়ের করেন।
ওই রিটের শুনানি নিয়ে গত ২০ ডিসেম্বর বিমলের পরিবর্তে কামরুন্নাহার শিরিনকে ধানের শীষ প্রতীক দিতে নির্দেশ দেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।








