দুর্নীতির মামলায় ঠিকাদার জি কে শামীম ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়াকে আগামী ৩ নভেম্বর (রবিবার) জিজ্ঞাসাবাদ শুরু করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৭ অক্টোবর শামীম ও খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।
গত ১৮ সেপ্টেম্বর খালেদ ও ২০ সেপ্টেম্বর শামীমকে গ্রেফতার করে র্যাব। ২১ অক্টোবর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
খালেদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।







