রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, পচা বাসি খাবার সংরক্ষণসহ কয়েকটি অপরাধে লালবাগের পিজ্জা কিং এবং মতিঝিলের হট হাট রেস্তোরাঁকে ৫ লাখ টাকা জরিমানা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তনু চৌধুরী এবং পংকজ চন্দ্র দেবনাথ এই অভিযান পরিচালনা করেন।
পংকজ চন্দ্র দেবনাথ জানান, রাজধানীর লালবাগ এলাকার পিজ্জা কিং নামক রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, পচা বাসি খাবার সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। এছাড়া, তৈরি খাবার ঢাকনাবিহীন অবস্থায় রাখা, ময়লাযুক্ত ডিম তৈরি করা খাবারের পাশেই রাখা, রেফ্রিজারেটরে রান্না করা ও কাঁচা খাবার একইসঙ্গে সংরক্ষণ করতেও দেখা যায়। পাশাপাশি হাতে ক্ষতযুক্ত কর্মচারীর দ্বারা খাদ্য প্রস্তুত, পোড়া তেল ব্যবহার ও লেবেলবিহীন খাদ্য দ্রব্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে অইজ্জা কিং রেঁস্তোরাকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, এস এম শান্তুনু চৌধুরী জানান, মতিঝিলের দিলকুশা এলাকায় হট হাট রেস্তোরাঁর রান্নাঘরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ, রান্না করা মাংসের কিমা খোলা আকাশের নীচে ময়লার সঙ্গে ঢাকনাবিহীন অবস্থায় পাওয়া যায়। এছাড়া মাছি উড়তে দেখা যায়, লেবেলহীন বিস্কুট ও বনরুটি পাওয়া যায়। এসব অপরাধে রেস্তোরাঁটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।








