চীনের দুর্নীতিবিরোধী সংস্থা ‘ন্যাশনাল কমিশন অব সুপারভিশন অব চায়না’র সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমঝোতা স্মারক সই করতে চায় বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘এই আগ্রহের কথা দেশটিকে ২০১৭ সালেই জানানো হয়েছে। ওই বছরের মার্চে চীনের দূতাবাসের মাধ্যমে একটি খসড়া স্মারকও পাঠানো হয়েছে।’ বুধবার (১৮ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ‘ন্যাশনাল কমিশন অব সুপারভিশন অব চায়না’র কমিশনার গং খঁ ঢয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য জানান।
বৈঠকে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদক প্রত্যাশা করে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে চীনের দুর্নীতিবিরোধী সংস্থা কার্যকর ভূমিকা রাখবে। সমঝোতা স্মারক সইয়ে দুর্নীতির অনুসন্ধান, তদন্ত, প্রসিকিউশন ও প্রতিরোধে তথ্যের আদান-প্রদানে পারস্পরিক সহযোগিতার উত্তম ক্ষেত্র তৈরি হতে পারে।’
ইকবাল মাহমুদ বলেন, ‘উত্তম চর্চার বিকাশে চীন ও বাংলাদেশ স্ব-স্ব দেশের উত্তম চর্চা বিনিময়ের মাধ্যমে নিজ-নিজ দেশে নৈতিক মূল্যবোধ জাগাতে একসঙ্গে কাজ করতে পারে। দুর্নীতি প্রতিরোধে দুদেশের অভিজ্ঞতার আলোকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রশিক্ষণ, যৌথ গবেষণা ও শিক্ষামূলক পরিকল্পনা নিয়ে কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।’ দুর্নীতি প্রতিরোধে গবেষণালব্ধ এসব তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।








