রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবু সিদ্দিক প্রতিবেদন জমা না দেওয়ায় বিচারক এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৬ জানুয়ারি সকালে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রীর বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাসস্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। এরপর তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি সন্ধ্যা ৭-৮টার মধ্যে ঘটে। রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় গিয়ে ঘটনা বলেনি। সেখান থেকে তার সহপাঠীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।








