মসজিদের সামনে আপত্তিকরভাবে নাচ-গানকে নাজায়েজ ও বাংলাদেশের আইনবহির্ভূত উল্লেখ করে ক্ষমা চাইতে চিত্রনায়িকা মুনমুনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) নোটিশ প্রেরণকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, ৪ সেপ্টেম্বর সখীপুর পৌর শহরে স্থানীয়দের আমন্ত্রণে নৌকা ভ্রমণে যান চিত্রনায়িকা মুনমুন। ভ্রমণ শেষে বাজার মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনকে নিয়ে নাচের আসর বসানো হয়। পরে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
তাই নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে মসজিদের সামনে নাচ-গান পরিবেশনের জন্য দু’টি জাতীয় দৈনিক পত্রিকায় মুনমুনকে ক্ষমা ও দুঃখ প্রকাশ করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।








