জঙ্গি সম্পৃক্ততা থাকায় অর্থপাচারের মামলায় লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনের আগাম জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেনে একটি হাইকোর্ট বেঞ্চ।
তিন দিনের শুনানি শেষে মঙ্গলবার (১০ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা।
এর আগে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনের বিরুদ্ধে ৩ কোটি ৩ লাখ টাকা অর্থপাচারের অভিযোগ গুলশান থানায় মামলা করা হয়। গত ২ নভেম্বর এ মামলা করা হয়। জঙ্গি অর্থয়ানের অভিযোগে গুলশান থানায় ওই মামলা করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে। যা ডিএমপি ডিবি তদন্ত করছে।







