সগিরা মোর্শেদা সালাম হত্যা মামলার আসামি মারুফ রেজার বিচার শিশু আদালতে করার নির্দেশনা চেয়ে করা আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামি মারুফ রেজার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দেওয়ান আব্দুন নাসের।
এর আগে ২০১৯ সালে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার আদেশে মামলাটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন। সে নির্দেশ অনুসারে পিবিআই তদন্ত শেষে নিহত মোর্শেদার স্বামীর বড় ভাইসহ চার আসামির বিরুদ্ধে গত ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই অভিযোগপত্রের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে।
তবে এরই মধ্যে আসামি মারুফ রেজা তার বিচার শিশু আইনে করার জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি দেখিয়ে বলেন, ‘অপরাধ যখন সংঘটিত হয়েছে তখন আসামির বয়স ছিল ১৬ বছর ১০ মাস ২৬ দিন। সুতরাং ২০১৩ সালের শিশু আইন অনুযায়ী তার বিচার হতে হবে শিশু আদালতে। মহানগর দায়রা জজ আদালতে এই আসামির বিচার হতে পারে না।’ কিন্তু ঢাকা মহানগর দায়রা জজ আদালত গত ৭ অক্টোবর মারুফ রেজার আবেদনটি খারিজ করে দেন। এরই ধারাবাহিকতায় জজ আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টের আবেদন (রিভিশন) করেন মারুফ রেজা।







