দীর্ঘ ১৭ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ডা. সুমনা সরকারকে ভাইভা (মৌখিক) পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সরকারি কর্ম কমিশনকে (পিএসপি) সুমনা সরকারের ভাইভা পরীক্ষা নিতে নির্দেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ।
আদালতে সুমনা সরকারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও সেলিনা আক্তার চৌধুরী। অন্যদিকে পিএসসি’র পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শামীম খালেদ।
এর আগে ২০০৩ সালে সুমনা সরকার ২৩তম বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি (নৈর্ব্যক্তিক) এবং রিটেন (লিখিত) পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু মূল সনদ দেখাতে না পারায় ভাইভা পরীক্ষায় পিএসসি সুমনার কার্ড ইস্যু করেনি। এরপর এমন ভুক্তভোগী ২৯২ জনের মধ্যে ১২ জন হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট তাদের ভাইভা পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন। পরে ওই ১২ জন নিয়োগ পান।
পরবর্তীতে সুমনা সরকার তার একটি প্রবেশন সনদসহ ভাইভা দেওয়ার অনুমতি চেয়ে পিএসসি বরাবর একটি দরখাস্ত দাখিল করেন। কিন্তু পিএসসি তাকে সুযোগ না দেওয়ায় ২০০৯ সালে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের দীর্ঘ শুনানি শেষে ২০১৫ সালে হাইকোর্ট তার ভাইভা পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে পিএসসি।
দীর্ঘদিন পর আপিল বিভাগে মামলাটি শুনানির জন্য ওঠে। শুনানি নিয়ে পিএসসির আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। একইসঙ্গে সুমনা সরকারের ভাইভা পরীক্ষা গ্রহণের নির্দেশ দেন আদালত। বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ডা. সুমনা সরকার কর্মরত আছেন।








