রান্নাঘরে খাবার প্রস্তুত ও সংরক্ষণে অব্যবস্থাপনার দায়ে রাজধানীর কাওরান বাজারের প্রিন্স রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরে খাবার প্রস্তুত ও সংরক্ষণে অব্যবস্থাপনা পরিলক্ষিত হয় এবং রেস্টুরেন্ট পরিচালনার জন্য কর্মচারীদের স্বাস্থ্য সনদ, ক্রয়-বিক্রয় চালান বা রশিদসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। তাই নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর বিধান অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রিন্স রেস্তোরাঁ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।








