যৌতুকের জন্য চিত্রনায়িকা মির্জা ফারজানা ইয়াসমিন তমাকে (তমা মির্জা) মারধরের ঘটনায় স্বামী হিশাম চিশতীর বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ থাকলেও সেটি জমা দিতে ব্যর্থ হওয়ায় আগামী ৩ মার্চ নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধরণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এই তথ্য জানা গেছে। রবিবার মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত নতুন এই দিন ধার্য করেন।
এর আগে গত ৫ ডিসেম্বর রাতে রাজধানীর বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুকের জন্য মারপিটসহ হুমকি দেওয়ার অভিযোগে হিশাম চিশতীর বিরুদ্ধে মামলাটি করেন তমা মির্জা।
মামলার অভিযোগে বলা হয়, দেড় বছর আগে তমা মির্জার সঙ্গে বিয়ে হয় কানাডা প্রবাসী হিশাম চিশতীর। বিয়ের পরে তমা মির্জাকে অকারণে মারধর করতেন হিশাম। ব্যবসায়ের জন্য শ্বশুড়বাড়ির লোকজন তমার বাবার কাছ থেকে যৌতুক হিসেবে ২০ লাখ টাকা এনে দিতে বলেন। মেয়ের সুখের কথা চিন্তা করে তমার বাবা-মা হিশামকে বিভিন্ন সময় ১০ লাখ টাকা দেন। এর কিছুদিন পর হিশাম আবারও তমাকে মারধর করেন। অত্যাচারে অতিষ্ঠ হয়ে তমা মির্জা বাবার বাড়িতে চলে আসেন।
মামলার অভিযোগে তমা আরও বলেন, ‘২০২০ সালের ৫ ডিসেম্বর রাত ৩টার দিকে হিশাম আমার বাসায় আসে। আমাকে মারধর করলে চিৎকার শুনে পাশের রুম থেকে আমার বাবা-মা এলে হিশাম তাদেরও মারধর করে। ঘরে থাকা ফুলদানি দিয়ে আমার মায়ের পিঠে ও মাথায় এবং আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। যার ফলে আমার বাবা-মাসহ আমি আহত হই।’
২০১৯ সালের ৭ মে বাংলাদেশী বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতীকে বিয়ে করেন তমা মির্জা। বর্তমানে তমা মির্জা দেশে থাকলেও হিশাম চিশতী আছেন কানাডায়।









