সীমানা সংক্রান্ত জটিলতা ও ভোটার তালিকা হালনাগাদ না করায় যশোর পৌরসভা নির্বাচন স্থগিত করা হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট পংকজ কুমার কুন্ডু।
অ্যাডভোকেট পংকজ কুমার কুন্ডু বলেন, ‘আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। একইসঙ্গে আগামী ২২ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।’
এর আগে ৯ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন স্থগিত করেছিলেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালে যশোর পৌরসভার সীমানা বর্ধিত করা হয়। নতুন ৯টি মৌজা যশোর পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশিত হয়। গেজেট হওয়ার পরও নতুন মৌজাগুলোকে কোনও ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়নি এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ এই ৯ মৌজার অধিবাসীদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে। এ অবস্থায় নির্বাচনের তফসিল ঘোষণা বেআইনি। এটা সম্পূর্ণ আইনের লঙ্ঘন। তাই যশোর পৌরসভায় নতুন সংযুক্ত হওয়া এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহসহ তিন ব্যক্তি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।









