বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হামিদ ছোয়াদসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ শুনানির জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (৯ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফের আদালতে মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার মূল নথি সিআরমিসে থাকায় আদালত অভিযোগপত্র গ্রহণ শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা সদরঘাট নৌ-থানার এসআই শাহিদুল আলম ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ময়ূর-২ লঞ্চের মালিকসহ আসামিরা হলেন—লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা, সহকারী মাস্টার জাকির হোসেন, চালক শিপন হাওলাদার, শাকিল হোসেন সিপাই, সুকানি নাসির মৃধা, গ্রিজার হৃদয় হাওলাদার, সুপারভাইজার আব্দুস সালাম, সেলিম হোসেন হিরা, আবু সাঈদ ও দেলোয়ার হোসেন সরকার।
২০২০ সালের ২৯ জুন সকালে ঢাকা-চাঁদপুর রুটে ‘ময়ূর-২’ নামে একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের ‘মর্নিং বার্ড’ লঞ্চটি ডুবে যায়। ওই ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় মামলায় ‘ময়ূর-২’ লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করা হয়।









