স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পুলিশ সদস্যদের বাচ্চাদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা দিতে কাজ করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এ উপলক্ষে বুধবার (১০ মার্চ) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ পরিবারের শিশু কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপনে অনুষ্ঠানের আয়োজন করে পুনাক।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের সভানেত্রী জীশান মীর্জা। এছাড়া অনুষ্ঠানে পুনাকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুনাক সভানেত্রী জীশান মীর্জা শিশু কিশোরদের উদ্দেশে বলেন, স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশ সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলেন পুলিশ সদস্যরা। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি শিশু কিশোরদের নিয়ে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন এবং যুদ্ধে পুলিশের বীরত্বপূর্ণ অবদানের কথা জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।








