রাজধানীর দক্ষিণখান থানাধীন আইনুসবাগ (চাঁদনগর) এলাকায় আব্দুর রশিদকে গুলি করে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) রাতে নিহত আব্দুর রশিদের ভাই হারুন-অর রশিদ বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন। মামলার এজাহারে নামধারী ১৩ জন ও অজ্ঞাতনামা পাঁচ জনসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে আট জন গ্রেফতার রয়েছে। তারা হলো- মুলহোতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান ওরফে সাইনবোর্ড হান্নান, মো. একরামুল ইসলাম, শফিকুল ইসলাম ইমরান, আল-আমিন প্রধান, জহুরুল ইসলাম রিপন, খোরশেদ আলম, মো. মোশাররফ হোসেন ও মো. নুরুন নবী।
শিকদার মোহাম্মদ শামীম বলেন, ‘বুধবার রাতেই ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল থেকে জাপানি হান্নানসহ তার আট সহযোগীকে আমরা গ্রেফতার করেছি। তার আরও কয়েকজন সহযোগী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, ‘গ্রেফতার আট আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে।’
প্রসঙ্গত, বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বালু ফেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে আব্দুর রশিদ (৩৮) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে জাপানি হান্নান। তার লাইসেন্সকৃত শর্টগান দিয়ে রশিদ ও সোহেলকে লক্ষ করে গুলি চালায় হান্নান। এতে ঘটনাস্থলেই রশিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা খুব্ধ হয়ে জাপানি হান্নানের গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এরপর জাপানি হান্নানের বাড়ি জাপানি কটেজ থেকে অস্ত্রধারী হান্নানসহ সাত জনকে গ্রেফতার করে দক্ষিণখান থানা পুলিশ। পরে ওই এলাকা থেকে হান্নানের আরও এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: রাজধানীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, ‘জাপানি হান্নান’সহ গ্রেফতার ৬









