রাজধানীর মোহাম্মদপুরের বিহারি পল্লিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন আদালত।
বৃহস্পতিবার (২৫ মার্চ) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাকসুদা পারভীন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, ঘটনার আড়াই বছর আগে ইসলামের সঙ্গে ফারজানার বিয়ে হয়। ফরজানাকে বিয়ের পরে ইসলাম আরও একটি বিয়ে করে। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ ছিল। ২০০৫ সালের ২০ ফেব্রুয়ারি ফারজানার শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফারজানার বাবা রেজা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। ২০০৫ সালের ২৮ জুন মোহাম্মদপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক শিহাব উদ্দিন চার্জশিট দাখিল করেন। পরে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগে চার্জ গঠনের মাধ্যমে আসামিদের বিচার শুরু হয়। মামলাটির বিচার চলাকালে আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।









