অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হওয়া র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) চার সদস্যের পরিচয় নিশ্চিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও তিনি জানান।
শুক্রবার (৯ এপ্রিল) ওই চার র্যাব সদস্য গ্রেফতার হওয়ার পর খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, ‘এরইমধ্যে বিকালে হাতিরঝিল থানা পুলিশের কাছ থেকে চার সদস্যকে র্যাবের কাছে নেওয়া হয়েছে। তাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার করেছিল। চার জনের বিষয়ে তদন্ত করা হচ্ছে আসলেই তারা র্যাবের সদস্য কিনা।’
তিনি বলেন, ‘তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায় যে তারা র্যাবের সদস্য এবং ঘটনার সঙ্গে জড়িত; তবে তাদের ছাড় দেওয়া হবে না। আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে র্যাবের চার সদস্যকে শুক্রবার (৯ এপ্রিল) গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার চার জনের মধ্যে তিন জন সেনাবাহিনী এবং একজন বিমান বাহিনীর সদস্য। এ ঘটনায় জড়িত আরও দুই জন পলাতক রয়েছেন। তাদের মধ্যে একজন বিজিবি সদস্য এবং একজন সিভিলিয়ান বলে তিনি জানান।
আরও পড়ুন...








