হাইকোর্টের রায়ের আলোকে কর্মস্থলে ‘যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি’ গঠনপূর্বক ব্যক্তিগত ফেসবুক পোস্টে অপ্রীতিকর ও অবমাননাকর মন্তব্য করার বিচার চেয়ে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের এক নারী আইনজীবী।
রবিবার (১৮ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের বরাবর এই আবেদন দাখিল করা হয়েছে।
আবেদনে ওই নারী বলেন, তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিয়মিত সদস্য। বিগত ১৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ আলম টিপু তার স্ট্যাটাসে অপ্রীতিকর, হীন ও অবমাননাকর কমেন্ট প্রদান করেছেন, যা প্রচ্ছন্ন যৌন নিপীড়ন। তাই ২০০৯ সালের ১৪ মে রিট মামলা নম্বর- ৫৯১৬/২০০৮ এর রায়ের নির্দেশনা অনুসারে ‘যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি’ গঠন করে এই অভিযোগের সুবিচার করতে আরজি জানানো হলো।









