ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (৩ জুলাই) বিকাল ৪টায় তাকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ। তবে কী কারণ দেখিয়ে রফিকুল আমিনকে দীর্ঘ প্রায় তিন মাস পর ফেরত পাঠানো হয়েছে সেটা বলতে পারেননি তিনি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বাংলা ট্রিবিউনকে বলেন, নানা রোগে আক্রান্ত রফিকুল আমিন গত ১১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন। আবার শনিবার (৩ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। নানা অভিযোগের পর হঠাৎ করে ছাড়পত্র দিয়ে কেন তাকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে সে ব্যাপারে কারাগারের এই কর্মকর্তা বলেন, এটা হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবেন।
গত কয়েকদিন থেকে অভিযোগ উঠে, তিনি হাসপাতালের বিছানায় থেকে ইন্টারনেট ব্যবহার করে জুম বৈঠকের মাধ্যমে ব্যবসায়ীক কার্যক্রম চালিয়ে আসছিলেন। সাম্প্রতিক সময়ের তার করা কয়েকটি জুম মিটিংয়ের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় উঠে। এরপরই শনিবার তাকে কারাগারে ফেরত পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে কারা কর্তৃপক্ষ হাসপাতালে দায়িত্বরত ১৩ কারারক্ষীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার জন্য বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে চার কারারক্ষীকে।









