বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের (বিজেএসএ) প্যাড জালিয়াতি করে অপপ্রচারের কাজে ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং মহাসচিব বিকাশ কুমার সাহার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের গোচরীভূত হয়েছে যে, এসোসিয়েশনের প্যাড জালিয়াতি পূর্বক এসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব এর নাম-পদবি ব্যবহার করে একটি কুচক্রী মহল বিভিন্ন ব্যক্তি/দফতর/প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, মনগড়া, মানহানিকর বক্তব্য সম্বলিত পত্র প্রেরণ করছে। যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলক। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন হতে কোন ব্যক্তি/প্রতিষ্ঠান/দফতরে এ ধরনের কোনও পত্র কখনই প্রেরণ করা হয়নি।
‘যারা এ ধরনের অপপ্রচারমূলক পত্র প্রেরণ করছেন, তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হলো। এ ধরনের অপপ্রচারে যে বা যারা জড়িত আছেন, তা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের গোচরীভূত হওয়া মাত্রই তাদের বিরুদ্ধে এসোসিয়েশন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
যদি কোন ব্যক্তি/দফতর/প্রতিষ্ঠান এ ধরনের জাল জালিয়াতিপূর্ণ, অপপ্রচারমূলক পত্র পেয়ে থাকেন তাহলে তাদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের নম্বর- (০১৭১০-২৪৬৫৭৭, ০১৭১৭-৩২৬১৭৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।









