রাজধানীর শেরেবাংলা নগর থানা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হওয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসফিকুর রহমান উজ্জ্বল ও তার সহযোগী হিরণকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ১৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানির জন্য আজকের দিন ১৮ জুলাই ধার্য করেছিলেন।
আজ শুনানির সময় আসামিদের পক্ষে আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
এর আগে গত ১২ জুলাই দিবাগত রাতে শেরেবাংলা নগরের শাপলা হাউজিং থেকে তাদের গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
উল্লেখ্য, উজ্জ্বলের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা আছে। তিনি শেরেবাংলা নগরের তালতলা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। পাশাপাশি আসামি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। এলাকায় নতুন কোনও ভবনের কাজ শুরু হলে তাকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে তার ক্যাডার বাহিনী দিয়ে কাজ বন্ধ করে দিতেন। তার সহযোগীরা আগারগাঁও এলাকায় ফুটপাতের দোকান থেকে চাঁদা আদায় করেন। অস্ত্রধারী হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করার কেউ সাহস পেতেন না। কেউ অভিযোগ দিলে মারধর করতেন উজ্জ্বল।








