জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ডা. ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী মোহাম্মদ শহিদুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামিদের ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ২ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার (৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত শাহ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও প্রতারণার মামলায় ঈশিতা ও তার সহযোগীর ৩ দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১ আগস্ট মিরপুর-১ থেকে গোপন সংবাদেরভিত্তিতে ডা. ঈশিতা ও তার সহযোগী দিদারকে গ্রেফতার করে র্যাব-৪।তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: ডা. ঈশিতার আকাশচুম্বী সাফল্য, ডিগ্রি, পুরস্কার ও খ্যাতি সবই ভুয়া









