ঘুষ নেওয়ার ফোনালাপ ফাঁস, তদন্ত করবে গোয়েন্দা পুলিশ

নুরুজ্জামান লাবু
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:০৭

দুবাইগামী এক ব্যক্তির সর্বস্ব লুটের ঘটনায় দায়ের করা মামলায় সিআইডির এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, তারা ঘুষ নেওয়ার ফোনালাপের বিষয়েও তদন্ত করবে। তবে এ ঘটনায় পৃথক কোনও তদন্ত কমিটি গঠন করা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, যাদের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে, ডিবির সেই কর্মকর্তারা নিজেরাই নিজেদের তদন্ত করলে তার নিরপেক্ষতা নিয়ে সংশয় দেখা দিতে পারে। অপরদিকে ফৌজদারি অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরও কেন সেই সিআইডি কর্মকর্তাকে ‘ছাড়’ দেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঘুষ নেওয়ার অডিও ফাঁসের বিষয়টি ‘ধামাচাপা’ দিতেই তড়িঘড়ি করে ‘শায়েস্তা’ করতে সিআইডি কর্মকর্তা এসআই আকসাদুদ জামানকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর ১৯ আগস্ট দুবাই যাওয়ার উদ্দেশে রাজধানীর টিকাটুলী থেকে সিএনজিযোগে বিমানবন্দরে যাচ্ছিলেন মাদারীপুরের শিবচরের বাসিন্দা রোমান মিয়া। বিমানবন্দরের অদূরে একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেলে এসে ৭-৮ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে রোমানকে টেনেহিঁচড়ে নিজেদের গাড়িতে তুলে নেয়। হাত-পা ও চোখ বেঁধে মারধরের পর তার সর্বস্ব কেড়ে নিয়ে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় তাকে নামিয়ে দেয় অজ্ঞাত সেই ব্যক্তিরা। পরদিন ২০ আগস্ট রোমান বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন। মামলায় তিনি ৫ হাজার ইউএস ডলার, ২ হাজার দিরহাম ও ২ হাজার দিনারসহ দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন।

বিমানবন্দর থানা পুলিশের পাশাপাশি এই মামলাটির ছায়াতদন্ত শুরু করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।

ডিবি কর্মকর্তারা জানান, তারা রোমান মিয়া যে সিএনজিতে বিমানবন্দরে যাচ্ছিলেন, সেই সিএনজি নম্বরের সূত্র ধরে অনুসন্ধান শুরু করেন। রাজধানীর কাকলী এলাকায় এমন একটি সিসিটিভি ক্যামেরা বসানো ছিল, যা ডিজিটাল নম্বর প্লেট স্ক্যানিং করতে পারে। ওই সিসিটিভি ক্যামেরার সূত্র ও রোমানের দেওয়া তথ্যমতে, ঘটনার দিন কাকলী পার হওয়ার নির্দিষ্ট সময়কার সিএনজিটি শনাক্ত করা হয়। এরপর সিসিটিভি ফুটেজ দেখে সিএনজির সামনে ও পেছনের সন্দেহভাজন বেশ কয়েকটি সাদা রঙের মাইক্রোবাসকে শনাক্ত করে ডিবি। পরে প্রযুক্তির সহায়তায় একটি হায়েস ও তিনটি মোটারসাইকেলকেও শনাক্ত করা হয়।

ডিবি কর্মকর্তারা বলছেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় তারা ঘটনার প্রায় তিন মাস পর জানতে পারেন ওই ডাকাতির ঘটনায় সিআইডির এক কর্মকর্তা জড়িত। ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটি সিআইডি কার্যালয়ের জন্য বছরব্যাপী চুক্তিতে ভাড়া নেওয়া এবং ব্যক্তিমালিকানাধীন। সিআইডির রেজিস্টার ঘেঁটেও ঘটনার দিন ওই গাড়ি নিয়ে সিআইডি কর্মকর্তার বের হওয়ার বিষয়ে তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি।

ডিবির একজন কর্মকর্তা বলছেন, তারা তথ্য-প্রযুক্তির সহায়তায় ওই সিআইডি কর্মকর্তার কিছু কল রেকর্ডও সংগ্রহ করেন। সেখানে সিআইডি’র এসআই আকসাদুদ জামান তার এক সোর্সের সঙ্গে বিদেশগামী ব্যক্তিদের টার্গেট করে সর্বস্ব লুটে নেওয়ার পরিকল্পনার কথা আলোচনা করেছেন। সিআইডি কর্মকর্তা তার সোর্সকে বেশি টাকা নিয়ে যারা বাসা থেকে বের হবেন, তাদের বিষয়ে তথ্য দিতে বলেন।

এত তথ্য-প্রমাণ হাতে পাওয়ার পরও সিআইডির সেই কর্মকর্তাকে গ্রেফতার করা হলো না কেন, এমন প্রশ্নের জবাবে ডিবির ওই কর্মকর্তা জানান, পুলিশের ইমেজ রক্ষা করতেই তারা ছাড় দিয়েছিলেন সিআইডির ওই কর্মকর্তাকে। শুধু বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সদর দফতর ও সিআইডি কার্যালয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল।

মোড় ঘুরে যায় ফোনালাপ ফাঁসে

এক বছর আগের এই চাঞ্চল্যকর ঘটনার মোড় ঘুরে যায় একটি ফোনালাপ ফাঁস হওয়ায়, যাতে আকসাদুদ জামানের স্ত্রী তাহমিনা আক্তার ডিবির একজন কর্মকর্তাকে এক কোটি ৪২ লাখ টাকা ঘুষ দিয়েও কাজ না হওয়ার বিষয়ে জানতে চাইছেন। ফোনালাপে ডিবির ওই কর্মকর্তা ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করে তা ‘বড় স্যারেরা’ নিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলে কিছু টাকা ফেরত দেওয়ারও আশ্বাস দেন তিনি। যদিও নিজের এই ফোনালাপকে ফেব্রিকেটেড বলে দাবি করেছেন ডিবির বিমানবন্দর জোনাল টিমের এডিসি কায়সার রিজভী কোরায়শী।

ওই ফোনালাপ ফাঁসের পরপরই নিজেদের ইমেজ বাঁচাতে তড়িঘড়ি বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর এলাকা থেকে সিআইডির বরখাস্ত কর্মকর্তা আকসাদুদ জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক একটি সংবাদ সম্মেলনও করা হয় ডিএমপির মিডিয়া সেন্টারে।

সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিমানবন্দর থানায় দায়ের হওয়া সেই দস্যুতা মামলায় সিআইডি কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়টি জানিয়ে বলেন, ‘বরখাস্ত হওয়া পুলিশ সদস্য এসআই আকসাদুদ জামানের হঠাৎ করেই পালানোর উদ্দেশ্য আমরা টের পাই। পরে তাকে রংপুরের মিঠাপুকুর থেকে গ্রেফতার করা হয়।’ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বপ্রাপ্ত এই অতিরিক্ত কমিশনার বলেন, ‘এই মামলায় সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়েছে।  মামলার মেরিট যাতে নষ্ট না হয়, সেটিও আমাদের দেখতে হবে। এখানে আমাদের একজন অফিসারের অডিও ফাঁসের বিষয় নিয়ে কথা হচ্ছে। সব বিষয় আমাদের ইনভেস্টিগেশনে আনতেছি। এখানে মামলার মেরিট, টাকা উদ্ধারের বিষয়, আবার সাব-ইন্সপেক্টরের টাকার যে অ্যামাউন্ট সেটি বিশাল অ্যামাউন্ট—এগুলো কি আসলেই তার, কিংবা এগুলো কোথা সে থেকে পেলো, বা আমার অফিসার জড়িত কিনা, সেসব বিষয় নিয়ে আমরা খতিয়ে দেখছি।’

কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা সিরিয়াস ক্রাইমের সম্পৃক্ততা থাকার প্রমাণ পাওয়ার পর, শুধু বিভাগীয় অ্যাকশন নেওয়ার কোনও সুযোগ নেই, জানিয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শ মোহাম্মদ নূরুল হুদা বলেন, ‘ফৌজদারি অপরাধ সিরিয়াসলি দেখতে হবে। এগুলো পেনাল কোড বা সিআরপিসিতেই বলা আছে। দস্যুতা বা ডাকাতির মতো ঘটনায় তো অনেক সময় সেশন জজ আদালতে বিচার হয়। তার মানে এটি বড় অপরাধ। এগুলোকে খাটো করে দেখার সুযোগ নেই।’

পুলিশের এই সাবেক কর্মকর্তা বলেন, ‘আর ঘুষ নেওয়ার যে অভিযোগ, তা এক বিভাগের বিরুদ্ধে হলে আরেক বিভাগ দিয়ে তদন্ত করানোটাই বাঞ্ছনীয়। পুলিশে তো পিবিআই বা সিআইডিসহ অন্যান্য ইউনিট রয়েছে, কিংবা পুলিশ সদর দফতর বিষয়টি তদন্ত করতে পারে।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী