নিখোঁজের ঘটনাগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই

রিয়াদ তালুকদার
০৫ অক্টোবর ২০২১, ২৩:০০আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৫:৩০

সম্প্রতি রাজধানীর মিরপুরে পৃথক তিনটি নিখোঁজের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। এরই মধ্যে নিখোঁজ ৭ জনের মধ্যে ৪ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাকি তিন জন এখনও নিখোঁজ রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। রহস্য উদঘাটন না হওয়া পর্যন্ত লেগে থাকতে হবে। এগুলো হালাকাভাবে নেওয়ার সুযোগ নেই। পাশাপাশি অভিভাকদেরও সচেতন থাকতে হবে। তাদের সন্তানদের চলাফেরা, তারা কাদের সঙ্গে মিশছে—এগুলোর নজরদারি বাড়াতে হবে। তা না হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই থাকবে।

পল্লবীতে তিন ছাত্রী নিখোঁজের ৬ দির পার হলেও এখন তাদের হদিস মেলেনি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। রকিব নামে এ মামলার এক আসামি রিমান্ডে রয়েছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিদেশ নেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের পাচারকারী চক্রের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে রিমান্ডে রকিবকে জিজ্ঞাসাবাদে পাচারের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। দু’দিনের রিমান্ড শেষে আগামীকাল (৬ অক্টোবর) রকিবকে পুনরায় আদালতে তোলা হবে। এই মামালায় তরিকুল, জিনিয়া, অয়ন নামে আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে নিখোঁজ তিন ছাত্রীকে পাচারকারীদের হাতে তুলে দেওয়ার তথ্য না পেলেও রকিবের কাছ থেকে বেশকিছু তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য আমরা পর্যালোচনা ও বিশ্লেষণ করছি। এছাড়া ভুক্তভোগী পরিবারের বিষয়গুলোও খতিয়ে দেখছি। এ ঘটনার পেছনে অন্য কিছু রয়েছে কিনা তাও তদন্ত করছি। তিন ছাত্রীকে উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি।’

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আবু নাঈম আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৩০ সেপ্টেম্বরের পর থেকে নিখোঁজ তিন ছাত্রীর মোবাইল ফোন বন্ধ রয়েছে। তারা মোবাইল ফোনগুলো বন্ধ রেখেছে। এখন পর্যন্ত চালু করেনি। তবে আমরা নানা বিষয় পর্যালোচনা করে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি। আমরা চাই, ৩ শিক্ষার্থীকে সুস্থভাবে উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করতে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, তারা স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে গেছে।’

এদিকে নিখোঁজ শিক্ষার্থী কাজী জান্নাত নিসার বড় ভাই সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বোনসহ আরও দুজন নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত আমরা তাদের সন্ধান পাইনি। তবে আশা করি, দ্রুত ফিরে পাবো। সুস্থ অবস্থায় যেন তাদের পাই, সেটাই আমাদের চাওয়া।’

পল্লবী এলাকার যে বাসায় আসামি সহোদর রকিবুল ও তরিকুল মাকে নিয়ে থাকতেন মঙ্গলবার (৫ অক্টোবর) সরেজমিনে  সেই বাসায় গিয়ে দেখা গেছে, তাদের বাসা তালাবদ্ধ রয়েছে। সেখানে কাউকে পাওয়া যায়নি।

নিখোঁজের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক বলেন, ‘নিখোঁজের কারণের মধ্যে  আমরা সাধারণভাবে দেখি, যখন কোনও অপরাধ ঘটে তখন অনেকে নিজেরা ইচ্ছাকৃত নিখোঁজ হয়ে যায়। আরেকটি হচ্ছে, অন্য কেউ তাদের প্রলুব্ধ করে অপহরণের ঘটনা ঘটায় এবং মুক্তিপণ আদায়ের জন্য দাবি করে। প্রতিটি ঘটনার সঙ্গে যে বিষয়ই থাকুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনীর উচিত এর পেছনের রহস্য উন্মোচন করা।  এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় হলে কেউ ছাড় পাবে না। কোনও কোনও সময় আমরা দেখতে পাই, কোনও ঘটনা ঘটলে একে অপরকে দোষারোপ করা হয়, ঘটনা অন্য দিকে প্রবাহিত করার জন্য।’

তিনি বলেন, ‘অনেক সময় একটি অপরাধ করে সেটি ঢাকার জন্য আরও বড় অপরাধ করে অপরাধীরা। এখানে অপহরণ বা নিখোঁজ হওয়ার সঙ্গে পাচারের একটি সম্পর্ক সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে।’

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিভাগের অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্তানরা কোথায় সময় কাটায়, কাদের সঙ্গে মিশে—এ বিষয়ে পরিবারকে আরও বেশি সচেতন হতে হবে।’

সাম্প্রতিক নিখোঁজের ঘটনাগুলোর বিষয়ে তিনি বলেন,‘যেভাবেই হোক ঘটনা ঘটেছে। কোনও একটি গোষ্ঠী বা চক্র রয়েছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রলভন দেয়। এসব অপতৎপরতার সঙ্গে কোন কোন চক্র জড়িত সেগুলোর রহস্য উন্মোচন করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। এছাড়া শিশু-কিশোরদের আত্মসচেতন হওয়ার বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ।’

 

/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ