দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লাসহ বিভিন্ন জেলায় যে সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে, তার সঙ্গে জঙ্গিবাদের কোনও সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান। শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ‘সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ নিয়ে এক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিটিটিসি প্রধান বলেন, ‘পূজামণ্ডপে মূর্তির পায়ের কাছে কোরআন রাখার অভিযুক্ত ইকবাল একজন ভবঘুরে। ইকবালসহ অন্যদের গ্রেফতার করে প্রকৃত রহস্য উৎঘাটনের চেষ্টা করা হচ্ছে। কুমিল্লার পূজামণ্ডপে মূর্তির পায়ের কাছে পবিত্র কোরআনের ছবি ফেসবুকে যে পোস্ট করেছিল তার নাম সুজন। এই ছবি ও ভিডিও’র মাধ্যমে অন্তত ১৬টি জেলায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে।’
আসাদুজ্জামান আরও বলেন, ‘ফেসবুকের মাধ্যমে বাংলাদেশসহ আজ সারাবিশ্বে যে গুজব ছড়িয়ে পড়েছে তা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষও উদ্বিগ্ন। এ থেকে পরিত্রাণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও পারিবারিক শিক্ষার কোনও বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের মাধ্যমে তরুণ জনগোষ্ঠীকে সচেতন করে গড়ে তুলতে হবে। যাতে ফেসবুকের গুজব তাদের বিপথগামী করতে না পারে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, সোশাল মিডিয়ার অপব্যবহার ক্রমেই বাড়ছে। অপ-প্রচারকারীরা নামে-বেনামে ইউটিউব চ্যানেল, ফেসবুক, আইপি টিভি, অনলাইন পোর্টালসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা রকম পেজ, গ্রুপ, ইভেন্ট খুলে যে যার মতো অপপ্রচারে লিপ্ত হচ্ছে।’
বিতর্ক প্রতিযোগিতায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার বিতার্কিকদের পরাজিত করেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।








