পুলিশ সদস্যদের কল্যাণে পুলিশ সদর দফতরে চালু হলো অত্যাধুনিক শপিং কমপ্লেক্স পলমার্ট। সোমবার (২ নভেম্বর ) সকাল সাড়ে ১১টায় পলমার্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইজিপি বেনজীর আহমেদ। পরে তিনি এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি, ডিআইজি ও অন্যান্য কর্মকর্তারা।
পলমার্ট চালুর প্রয়োজন ও প্রাসঙ্গিকতা তুলে ধরে পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) মাসুদুর রহমান বলেন, বর্তমান আইজিপি পুলিশ সদস্যদের কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিয়েছেন। তারই নির্দেশনায় চালু করা হয়েছে পলমার্ট। পুলিশ কর্মকর্তা ও সদস্যরা দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনে দীর্ঘসময় ব্যস্ত থাকতে হয়। ফলে তাদের অনেকের পক্ষেই সময়মতো প্রয়োজনীয় মানসম্মত পণ্য ক্রয় করা সম্ভব হয় না। তারা যেন একই ছাদের নিচে স্বল্পমূল্যে মানসম্পন্ন পণ্য কিনতে পারেন সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্সে চালু হলো অত্যাধুনিক শপিং কমপ্লেক্স পলমার্ট। এতে পুলিশ সদস্যরা একদিকে যেমন সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করতে পারবেন, অন্যদিকে তাদের সময়ও বাঁচবে।
পুলিশ হেডকোয়ার্টার্সের ফ্যাসিলিটিজ ভবনের নিচতলায় পলমার্ট-এ সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়েও কম মূল্যে খাদ্যসামগ্রী, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, প্রসাধনীসহ মানসম্মত অন্যান্য সামগ্রী পাওয়া যাবে। পলমার্ট প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে।









