ভর্তি বাণিজ্য ও ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আগামী ১৫ নভেম্বর তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী আতিকুর রহমান খাঁনের ব্যাংক হিসাবে শতকোটি টাকা লেনদেনের বিষয়ে বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করে। আতিকের অবৈধ সম্পদের বিষয়ে খোঁজ-খবর করতে গিয়েই একই সিন্ডিকেটের সদস্য হিসেবে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিপুল অবৈধ সম্পদের তথ্য পায় দুদক।
দুদকের একজন কর্মকর্তা জানান, শাহান আরা বেগমকে বক্তব্য প্রদানের জন্য নোটিশ জারি করা হয়েছে। তিনি নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে অভিযোগের বিষয়ে তার কোনও বক্তব্য নেই বলে গণ্য করা হবে।









