বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ১৫ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালত এ দিন ধার্য করেন।
মঙ্গলবার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে আদালতে উপস্থিত হতে না পাড়ায় তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন। এরপর ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে এই মামলার আসামির সংখ্যা ১৭ জন। সাত আসামি মারা গেছেন।








