দুদক কর্মকর্তাদের নিয়ে মন্তব্যের জেরে হাইকোর্ট বেঞ্চ থেকে উঠে গেলেন দুই বিচারপতি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে।
এর আগে এই বেঞ্চে দুদক থেকে আবেদন করা হয়, এখানে দুদকের কোনও অফিসারকে সার্বক্ষণিক বসিয়ে রাখা সম্ভব না।
তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘দুদকের মামলায় যারা ঠিকমত তদন্ত করতে পারছে না তাদেরকে কাজ না করিয়ে কোর্টে এনে বসিয়ে রাখতে।’
এসময় কনিষ্ঠ বিচারপতি এস এম মুজিবুর রহমান বলেন, ‘দুদকের কি আর কাজ নেই? একজন অফিসার এখানে এসে বসে থাকবেন?’
তখন জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এত কথা বললে তো সমস্যা।’
জবাবে কনিষ্ঠ বিচারপতি বলেন, ‘তাহলে বেঞ্চে দুই বিচারপতি রাখার দরকার কী?’
এরপর কনিষ্ঠ বিচারপতির প্রতি অসন্তোষ প্রকাশ করে এজলাস ছেড়ে চলে যান জ্যেষ্ঠ বিচারপতি। পরেই কনিষ্ঠ বিচারপতিও এজলাস ত্যাগ করেন।








