অশ্লীল ও কুরুচিপূর্ণ কমেডি নাটকে অভিনয়, পরিচালনা এবং প্রযোজনায় জড়িত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজ ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
কুরুচিপূর্ণ এবং অশ্লীল কনটেন্টে অভিনয়ের কারণে শামিনুর রহমান ওরফে চিকন আলী (৩৭), পরিচালক উত্তম কুমার ধর (৩৮), প্রযোজক শামসুল হককে (৫৫) জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে মুচলেকা দিয়ে জিম্মায় দেওয়া হয়েছে।
অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এক সদস্য জানান, জিজ্ঞাসাবাদে তারা অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপলোড করার কথা স্বীকার করে। তারা ভুল স্বীকার করে ক্ষমা চায়।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ডিবি কার্যালয়ে এসে চলচ্চিত্র শিল্পী সমিতির আর কোনও সদস্য অশ্লীল এবং কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি করবে না এই মর্মে প্রতিশ্রুতি দেন। সেইসাথে আপলোডকৃত কনটেন্ট ডিলিট করার অঙ্গীকার করে গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মুচলেকায় তাদের অভিভাবকদের জিম্মায় নিয়ে যান। ভবিষ্যতে কোনও অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ আপলোড করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা।









