স্বামীর সঙ্গে অনৈতিক সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে গৃহকর্ত্রী স্ত্রী গৃহকর্মীকে হত্যা করেন। লাঠির আঘাতে মৃত্যু নিশ্চিতের পর লাশ ফেলে দেওয়া হয় নির্জন স্থানে। শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নিকেতন থেকে গৃহকর্তা জসীমুল হক (৬০) ও গৃহকর্ত্রী সামিনা হাসানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য পায় সংস্থাটি।
রবিবার (৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই ঢাকা মেট্রো উত্তর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, স্বামী জসীমুল হকের অনৈতিক সম্পর্ক রয়েছে এ ধারণা থেকে বাগবিতণ্ডার একপর্যায়ে গৃহকর্মী পারভীন ওরফে ফেন্সি আরার (৩০) মাথায় লাঠি দিয়ে আঘাত করেন সামিনা হাসান। এতে ফেন্সি নিহত হন। লাশ সরিয়ে ফেলতে প্রাইভেটকার চালক রমজান আলী সহায়তায় তুরাগের দিয়াবাড়ি ঝাউবনে লাশ ফেলে দেওয়া হয়। গত ২ ডিসেম্বর তুরাগের ঝাউবন থেকে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার হলে তদন্তে নামে পিবিআই। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেফতারে সক্ষম হয় সংস্থাটি। তাদের গুলশান ১ নম্বরের নিকেতনের বাসা থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠি।
সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, প্রাইভেটকার চালক রমজান আলীকে গ্রেফতারে অভিযান চলছে।









