বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সব পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্রের অন্তর্ভুক্তি চেয়ে দায়ের করা রিটের ওপর আগামীকাল সোমবার (১৩ ডিসেম্বর) আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
রবিবার (১২ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের ওপর শুনানি করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথী, তার সঙ্গে ছিলেন আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে গত ২ ডিসেম্বর হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। আইনজীবী উত্তম লাহেড়ির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম এ রিট দায়ের করেন। রিট আবেদনে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা চাওয়া হয়।
রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব সহ ১০ জনকে বিবাদী করা হয়।
পরে রিটকারী আইনজীবীরা বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র সম্পর্কে জানতে পারে, সে কারণেই এই রিট দায়ের করা হয়।








